মোঃ নূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধিঃ
কর্ম-অধিক্ষেত্র সুরক্ষাসহ পাঁচ দফা দাবিতে বাগেরহাটের মোংলায় কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নিকাহ রেজিস্ট্রাররা।সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোংলার বিএলএস রোডে এ কর্মসূচি পালন করা হয়।‘বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদ’-এর উদ্যোগে সারা দেশে একযোগে এ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। এর অংশ হিসেবে মোংলায় অবস্থান কর্মসূচিতে অংশ নেন স্থানীয় নিকাহ রেজিস্ট্রাররা।
কর্মসূচিতে সংগঠনটির মোংলা উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক ফরকান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান ও কাজী ওমর ফারুকসহ স্থানীয় নিকাহ রেজিস্ট্রাররা উপস্থিত ছিলেন।
আন্দোলনকারীরা জানান, প্রস্তাবিত ‘মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা-২০২৬’-এর খসড়ায় নিকাহ রেজিস্ট্রারদের কর্ম-অধিক্ষেত্র পুনর্বিন্যাস এবং নিয়োগের যোগ্যতা পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। এর প্রতিবাদে তারা পাঁচ দফা দাবি উত্থাপন করেছেন।
তাদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে লাইসেন্সে উল্লেখিত বর্তমান কর্ম-অধিক্ষেত্র বহাল রাখা, মৃত্যু বা অবসরজনিত কারণে শূন্য হওয়া পদে যোগ্য পুত্রকে লাইসেন্স প্রদান, বিবাহ ও তালাক নিবন্ধন ফি বৃদ্ধি, নিয়োগের ক্ষেত্রে আগের বিধিমালায় নির্ধারিত যোগ্যতা বহাল রাখা এবং নতুন বিধিমালা প্রণয়নের কমিটিতে নিকাহ রেজিস্ট্রারদের অন্তত দুজন অভিজ্ঞ প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, প্রস্তাবিত বিধিমালা কার্যকর হলে নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত অধিকার ও দীর্ঘদিনের বিদ্যমান কর্ম-অধিক্ষেত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই নিজেদের পেশাগত স্বার্থ ও অধিকার সুরক্ষায় তারা এ কর্মসূচি পালন করছেন।
উল্লেখ্য, মোংলা উপজেলায় বর্তমানে ১০ জন নিকাহ রেজিস্ট্রার দায়িত্ব পালন করছেন। এর মধ্যে মোংলা পৌরসভা এলাকায় চারজন এবং উপজেলার ছয়টি ইউনিয়নে ছয়জন কর্মরত রয়েছেন।