মোঃ নূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধিঃ
মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের অভিষেক অনুষ্ঠানে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমের হাতে সম্মাননা স্মারক হিসেবে প্রতীকী ‘সোনার চাবি’ তুলে দেওয়া হয়।বাগেরহাটের মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের নবনির্বাচিত প্রতিনিধিদের অভিষেক অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমকে সম্মাননা স্মারক হিসেবে প্রতীকী ‘সোনার চাবি’ উপহার দেওয়া হয়েছে।শুক্রবার সকালে মোংলা বন্দর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রীর হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন মোংলা বন্দর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব মো. জুলফিকার আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ রবিউল আলম বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ দক্ষিণ ও উত্তরাঞ্চলে জ্বালানি ও শিল্পায়নের বিপুল সম্ভাবনা রয়েছে। সরকার এ সম্ভাবনাকে কাজে লাগাতে গুরুত্ব দিচ্ছে।তিনি বলেন, মোংলা বন্দরকে কেন্দ্র করে পুরো অঞ্চলের অর্থনীতি, যোগাযোগ অবকাঠামো এবং আমদানি-রপ্তানি বাণিজ্যে ব্যাপক গতি সঞ্চার হবে। এর ফলে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও সম্প্রসারিত হওয়ার সুযোগ তৈরি হবে।মোংলা বন্দরের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী জানান, বন্দরে দুটি কনটেইনার বার্থসহ ৩৬৮ মিটার দীর্ঘ জেটি নির্মাণের প্রস্তুতি চলছে। পাশাপাশি ৪৯টি ক্যাটাগরির আধুনিক সরঞ্জাম সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।
যোগাযোগব্যবস্থার উন্নয়নের বিষয়ে তিনি বলেন, ভাঙ্গা থেকে মোংলা পর্যন্ত সড়কটি দুটি সার্ভিস লেনসহ ছয় লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া বন্দরের শ্রমিকদের সামাজিক সুরক্ষা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে।মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) প্রশাসক এস এম শফিকুল আলম মনা এবং মোংলা বন্দর বার্থ শিপিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জুলফিকার আলী।অনুষ্ঠানে সিবিএ নেতা এবং মোংলা বন্দরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।