মোঃনূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ রোববার (১৭ মে) বেলা সাড়ে ১১টায় প্রথমে বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
এ সময় রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ কেন্দ্রটির সার্বিক কর্মকাণ্ড নিয়ে ভিডিও ডকুমেন্টারী প্রতিমন্ত্রীর সামনে উত্থাপন করেন। পরে পুরো কেন্দ্রটি ঘুরে দেখেন প্রতিমন্ত্রী অমিত। এ সময় তার সঙ্গে ছিলেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা,রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তারা এবং মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেযর জনাব আলহাজ্ব মোঃজুলফিকার আলী। বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকার উদ্দেশে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র ত্যাগ করেন প্রতিমন্ত্রী।
এ সময় বিদ্যুৎ প্রতিমন্ত্রী অমিত রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, এটি নতুন পাওয়ার প্লান্ট, এর যন্ত্রপাতিও আধুনিক। সুতরাং কোনো ধরনের যান্ত্রিক ত্রুটির অজুহাতে যেন এটি যখন তখন শাট ডাউন না হয়। সেদিকে সংশ্লিষ্ট প্রকৌশলীসহ সকলকে সজাগ ও সতর্ক থাকার তাগিদ দেন তিনি।
তিনি বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তাদের আরও বলেন, এই কেন্দ্রের আশপাশের মানুষের কল্যাণে কাজ করবেন। যাতে এলাকার মানুষ এ প্রকল্প থেকে সুফল ভোগ করতে পারে। বিশেষ করে এখানকার মানুষের স্বাস্থ্যসেবায় তাদের ভূমিকা রাখার পরামর্শ দেন। এ ছাড়া কেন্দ্রটির চারপাশের মানুষকে চাহিদানুযায়ী পর্যায়ক্রমে সেবা প্রদানেরও তাগিদ দেন তিনি।