মোঃনূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধিঃ
বঙ্গোপসাগর থেকে আটক ভারতীয় ১৪ জেলেকে
মোংলা বন্দরের অদূরে বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে ১৪ জন ভারতীয় জেলেকে গতকাল শনিবার (৩ আগস্ট) আটক করে নৌবাহিনী। আটক জেলেদের আজ রবিবার (৪ আগস্ট) রাতে মোংলা থানায় হস্তান্তর করে নৌবাহিনী।
মোংলা থানার ওসি আনিসুর রহমান জানান, আটক জেলেদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাতে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা বিষখালী’ মোংলা বন্দরের কাছে গভীর সাগর থেকে জেলেদের একটি ফিশিং ট্রলারসহ আটক করে। তাদের ট্রলারে থাকা বিভিন্ন প্রজাতির ৯০০ কেজি মাছ নিলামে ২ লাখ ১৩ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
যা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম।
আটক জেলেরা সবাই ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ এলাকার বাসিন্দা।
এর আগে ১৪ জুলাই একই এলাকা থেকে আরো ৩৪ জন ভারতীয় জেলেকে আটক করেছিল নৌবাহিনী।